যশোরে ৫ উপজেলায় সেনা মোতায়েন

0

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোরের ৮ উপজেলার ৫টিতে সেনা মোতায়েন করা হয়েছে। জেলার সীমান্তবর্তী তিন উপজেলা শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা বাদে বাকি পাঁচ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার বুধবার সন্ধ্যায় জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় সারাদেশে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। যশোরের ৮টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা বাদে বাকি পাঁচ উপজেলায় সেনা মোতায়েন হয়েছে। সেনা মোতায়েন করা উপজেলাগুলো হলো যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর।
এর আগে গত মঙ্গলবার যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্প স্থাপন করেন। বুধবার থেকে সংশ্লিষ্ট ক্যাম্পে তারা অবস্থান করছেন বলে তিনি জানান। তবে জেলায় কী পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বা তারা ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবেন কিনা তা নিশ্চিত করে জানাননি জেলা রিটার্নিং অফিসার।
তিনি বলেন, ‘বুধবার থেকে সেনা সদস্যরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। এর বাইরে আপাতত আর কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।