যশোরে হলুদে চেতনানাশক মিশিয়ে অচেতন করে ৭ বাড়িতে চুরি, চক্রের ৫ সদস্য আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ রান্নার হলুদের মধ্যে কৌশলে চেতনানাশক মিশিয়ে অন্তত ৭টি বাড়িতে চুরির সাথে জড়িত চক্রের ৫ সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় চুরি যাওয়া ১৪ ভরি স্বর্ণ ও রূপার অলঙ্কারসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হচ্ছে অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে বর্তমানে কেশবপুর উপজেলার সাবদিয়ার তসলিমার বাড়ির ভাড়াটিয়া তরিকুল ইসলাম, সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার খোরশেদ আলমের ছেলে আব্দুস সালাম বিষু, লালমনিরহাটের দালালপাড়ার মোহাম্মদ বকসের ছেলে বর্তমানে যশোর শহরের মুড়লি জোড়া মন্দির এলাকার রজব আলীর বাড়ির ভাড়াটিয়া আলম শরীফ ওরফে গোপাল, ঝিকরগাছা উপজেলার রাজা ডুমুরিয়া গ্রামের শাহজাহান কবিরের ছেলে জাহিদ হাসান জনি ও মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের সাধন চক্রবর্তীর ছেলে সুন্দরী জুয়েলার্সের মালিক সুমন কুমার চক্রবর্তী।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত ১ জুন দিবাগত রাতে কেশবপুর উপজেলার দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গোলদারের খতিয়াখালী গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতর ঢুকে ৯ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়। এছাড়া কেশবপুর, মণিরামপুর, শার্শা ও ঝিকরগাছার আরো কয়েকটি বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটলে চোরচক্র শনাক্ত এবং আটকে অভিযানে নামে ডিবি পুলিশ। এরপর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত চক্রের সদস্যদের শনাক্তের পর গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত যশোর সদর, কেশবপুর, মণিরামপুর, শার্শা ও ঝিকরগাছা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় চোরচক্রের ৪ সদস্যকে আটক এবং তাদের হেফাজত থেকে চেতনাশক মেশানো হলুদের গুঁড়ো জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মণিরামপুর বাজারের সুন্দরী জুয়েলার্সের মালিক সুমন কুমার চক্রবর্তীকে আটক এবং তার কাছ থেকে চোরাই ৭ ভরি ৩ আনা স্বর্ণ ও ৭ ভরি রূপার অলঙ্কার এবং নগদ ৩৩ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
এসআই এসআই মফিজুল আরও জানান, আটক চোরচক্রের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গুঁড়ো হলুদের মধ্যে চেতনানাশক মিশিয়ে এর কৌটা কৌশলে রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে ভেতরে রেখে দেয়। সেই সাথে রান্নাঘরের ভেতরে থাকা বাড়ির মালিকের হলুদের কৌটা সরিয়ে নিয়ে যায়। পরে চোরচক্রের রেখে দেয়া কৌটা থেকে গুঁড়ো হলুদ রান্নার তরকারিতে দেয়া হলে ওই তরকারি খাওয়ার পর বাড়ির সকলে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এভাবে কেশবপুরের ২টি, মণিরামপুরের ২টি, শার্শার ২টি ও ঝিকরগাছার ১টি বাড়িতে চুরির সাথে জড়িত বলে তারা স্বীকার করেছে।