যশোরে সাত খাবারের হোটেলসহ ১০ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শুক্রবার সাতটি খাবারের হোটেলসহ ১০ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর প্রতিষ্ঠানগুলো খুলে রাখার অপরাধে এ জরিমানা করা হয়। পেশকার নাজমুল হুসাইন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে বিকেল ৪টা পর্যন্ত দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে কিনা এ বিষয়টি তদারকির জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেল ৪ টার পর অভিযানে নামেন। চিত্রার মোড়, দড়াটানা ও জেল রোডস্থ কুইন্স হসপিটাল এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি খাবারের হোটেল খোলা রয়েছে। এ অপরাধে নিউ স্টার হোটেলকে আড়াই হাজার টাকা, দড়াটানা হোটেলকে ৫ শ টাকা, ঢাকা হোটেলকে ১ হাজার টাকা, সামাদ হোটেলকে ১ হাজার টাকা, নিউ ভৈরব হোটেলকে ৩ হাজার টাকা, ্আদি ভৈরব হোটেলকে ১ হাজার টাকা ও চৌগাছা হোটেলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে চৌরাস্তার মদিনা বেকারি, রেল রোড চারখাম্বার মোড়ের রড সিমেন্টের দোকান মেসার্স আবুল হোসেন ও শংকরপুরের একটি মুদি দোকানে জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ১৪ হাজার ৫ শ টাকা।