যশোরে রমজান ঘিরে বাজার মনিটরিং জোরদারের ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান। তিনি বলেছেন, রমজানে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আশেক হাসান বলেন, পবিত্র রমজান ত্যাগ ও সংযমের মাস। এই মাসের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। রোজাদাররা যেন নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারেন, সে জন্য প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করতে পারেন, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, রমজানে শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, নিয়মিত বাজার তদারকি এবং রাস্তা ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। বিশেষ করে ইফতার ও তারাবির সময় যানজট যাতে ভোগান্তির কারণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তিনি বলেন, বিগত সময়ে যশোরের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ক্ষুন্ন করা হয়েছে এবং ব্যবসায়িক পরিবেশও নানা কারণে বাধাগ্রস্ত ছিল। ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চেম্বার অব কমার্স কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল। ভিন্নমতের ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনায়ও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তানভীরুল ইসলাম সোহান আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের আমলে ব্যবসার সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং ব্যবসায়ীরা মর্যাদা নিয়ে কাজ করতে পারবেন। তিনি জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চেম্বারের পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যবসায়ীদের সচেতন করা হবে বলেও জানান তিনি।

সভায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, পাইকারি বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকলে খুচরা পর্যায়ে ন্যায্যমূল্য বজায় রাখা সহজ হবে। একই সঙ্গে পরিবহন ব্যয়, সরবরাহ ব্যবস্থা ও বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর শরিফুল হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে জেলা প্রশাসক বলেন, রমজান মাসে জনদুর্ভোগ রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সচেতনতা ও সমন্বয়ের মাধ্যমে একটি স্বস্তিদায়ক বাজার পরিস্থিতি নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।