চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

0
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: নিশ্চিত করলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার জন্য সোমবার বিটিভিকে রেকর্ডিংয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে এবং তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে। নিরাপত্তার স্বার্থে ভোটের আগের রাতে ব্যালট পেপার সব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী কাজে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তবে এবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে না।

এ ছাড়া তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হবে এবং এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসে থাকা ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজও শুরু হয়েছে বলে তিনি জানান।