যশোরে মাদক বিরোধী অভিযানে দুই নারীসহ আটক ৮, ইয়াবা ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলায় গত শুক্রবার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও নেশার জন্য ব্যবহৃত ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার হয়েছে। আলাদা এই অভিযানে ৮ জনকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আলাদা আলাদা মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কোতয়ালি থানা পুলিশ শহরের শংকরপুর তুলাতলার মোড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে রওশন আরা বেগম (৫০) ও পারু বেগম (৪৭) নামে দুই নারীকে আটক কওে পুলিশ।

পরে রওশন আরা বেগমের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৬২০ টাকা এবং পারু বেগমের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রওশন আরা বেগম একই এলাকার কামরুল ইসলাম বাবুর স্ত্রী ও পারু বেগম নজর আলীর স্ত্রী।

একই রাতে পৌনে ১১টার দিকে ডিবি পুলিশ বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি সেখান থেকে জহিরুল ইসলাম তুহিন (৩০) ও রাহুল বিশ্বাস (২০) নামে দুই যুবককে আটক করা হয়।

পরে জহিরুল ইসলাম তুহিনের কাছ থেকে ৪শ পিস ও রাহুল বিশ্বাসের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জহিরুল ইসলাম তুহিন সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে ও রাহুল বিশ্বাস বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে।

ছবি: সংগৃহীত।

এদিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা থানার পুলিশ উপজেলার হুদা চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকরামুল (৩০) নামে এক যুবককে আটক করে। আটক যুবক একই গ্রামের মৃত কাঞ্চনের ছেলে।

তাছাড়া ওই রাতে শার্শা থানা পুলিশ উপজেলার আমলাই গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আবু সাঈদ (৩৫) নামে এক যুবককে আটক করে। আটক আবু সাঈদ একই গ্রামের আব্দুল হামিদ মোল্যার ছেলে।

ছবি: সংগৃহীত।

সূত্র জানায়, পুলিশি অভিযানের সময় সেখান থেকে কৌশলে ইসমাইল হোসেন বেকা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। সেখান থেকে পুলিশ তার ফেলে যাওয়া মাদক বিক্রির ২ হাজার ৮৪০ টাকা উদ্ধার করে।

সূত্র আরো জানায়, গত শুক্রবার ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার জগহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ শামীম রেজা (২৬) নামে এক যুবককে আটক করে। আটক শামীম ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মন্তাজ মৃধার ছেলে।

ছবি: সংগৃহীত।

একইদিন ডিবি পুলিশের পৃথক অভিযানে চৌগাছা উপজেলার পুড়াপাড়া মোল্লাপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৪০) নামে একজনকে আটক করে। আটক ফারুক হোসেন একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।