যশোরে মাছের ঘেরের পাশ থেকে লাশ উদ্ধার,স্বজনদের অভিযোগ হত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আড়পাড়ার একটি মাছের ঘেরের পাশ থেকে শুক্রবার (৭ জুলাই) দুপুরে আব্দুর রহিম লস্কর (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তিনি কায়েতখালী বাঁওড়ে মাছ ধরতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। স্বজনদের অভিযোগ, বাঁওড়ের জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা আব্দুর রহিম লস্করকে হত্যা করেছে।
নিহত আব্দুর রহিম লস্কর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোটবালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল বারেক লস্করের ছেলে। নিহতের মেজো ভাই আব্দুল করিম লস্কর জানান, তারা ৪ ভাই। আব্দুর রহিম লস্কর ভাইদের মধ্যে ছোট। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ভাইসহ একই গ্রামের ইসরাইল ও বাবু খাঁ আড়পাড়া সংলগ্ন কায়েতখালী বাঁওড়ে মাছ ধরতে যান। কিন্তু রাতে আব্দুর রহিম লস্কর আর বাড়ি ফিরে আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আড়পাড়ায় জনৈক আবু বক্কারের মাছের ঘেরের পাশে তার লাশ পাওয়া যায়। আব্দুর রহিম লস্করের মুখে রক্ত ছিলো। তিনি অভিযোগ করেন, কায়েতখালী বাঁওড়ের ৭৫ বিঘা জমির মধ্যে ৩৯ বিঘা জমি সরকারি। বাকি ৩৬ বিঘা জমি আব্দুর করিম লস্করদের পৈত্রিক সম্পত্তি। ইতঃপূর্বে যারা কায়েতখালী বাঁওড় সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলেন তারা আব্দুর রহিম লস্করকে পাহারার জন্য নৈশ প্রহরীর চাকরি দেন। বর্তমানে ইছালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম পক্ষীয়রা কায়েতখালী বাঁওড় সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছেন। পূর্বের ইজারাদার না থাকায় আব্দুল করিম লস্করেরও চাকরি চলে যায়। সাইফুল ইসলাম পক্ষীয়রা বাঁওড় ইজারা নেওয়ার পর থেকে আব্দুল করিম লস্করদের ওই ৩৬ বিঘা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে আব্দুল করিম লস্করদের সাথে সাইফুল ইসলাম পক্ষীয়দের দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে ছোটভাই আব্দুর রহিম লস্কর কায়েতখালী বাওড়ে মাছ ধরতে গেলে সাইফুল ইসলাম পক্ষীয়রা তাকে ধরে হত্যা করেছেন। তিনি বলেন, রাত ৩টার দিকে সাইফুল ইসলাম পক্ষীয়রা আড়পাড়ার আবু বক্কারের মাছের ঘেরের পাশে আব্দুর রহিম লস্কর এবং তার সঙ্গী ইসরাইল ও বাবু খাঁ’কে দেখতে পেয়ে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ইসরাইল ও বাবু খাঁ পালিয়ে বাড়ি চলে এলেও আব্দুর রহিম লস্কর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকাল ১১টার দিকে আড়পাড়ায় আবু বক্কারের ঘেরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিন রাতে সাইফুল ইসলাম পক্ষীয়রা ধাওয়া করে তার ভাইকে ধরে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ আব্দুল করিম লস্করের।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ একরামুল হুদা জানান, আব্দুর রহিম লস্করের লাশটি উপুড় হয়ে পড়েছিলো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করছেন, বাঁওড়ের পাহারাদারদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে যান আব্দুর রহিম লস্কর। পড়ে যাওয়ার পর কোনও কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান,পালাতে গিয়ে হয়ত স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। উপুড় হয়ে পড়ে যাওয়ায় মুখে আঘাত পাওয়ায় রক্ত বের হতে পারে।