যশোরে ব্রিজের নিচ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের চুড়ামনকাঠি বিজয়নগর ব্রিজের নিচ থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। তার বাবার নাম কার্তিক দাস।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপণ কুমার সরকার জানান, বিশ্বনাথ মঙ্গলবার বিজয়নগর ব্রিজের পাশে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এর পর সকালে ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পেশায় রিকশাচালক হলেও বিশ্বনাথ মাঝে মাঝে মাছ ধরেন। তার লাশের পাশে একটি মাছধরার বড়শি ও মাছ রাখার একটি টিস্যু ব্যাগ, একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। ভুক্তভোগী মৃগীরোগ ছিলেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই রোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।