যশোরে বিজিবি-বিএসএফ সম্মেলন শেষ সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনার আহ্বান

0

বিশেষ প্রতিনিধি॥ যশোরে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর চারদিনের সীমান্ত সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। গত ২ সেপ্টেম্বর রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শেষ দিনে গতকাল মঙ্গলবার দুপুরে যশোর শহরের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জানানো হয়, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা/আহতের ঘটনা জোরালোভাবে তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বিজিবি বিএসএফকে ২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির প্রতি শ্রদ্ধা রেখে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনার জন্যে আহ্বান জানায়। সীমান্ত হত্যা কমিয়ে আনার লক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে নন- লেথাল নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সম্মেলনে বিজিবির যশোর ও রংপুর রিজিয়নের কামান্ডার ও ভারতের বিএসএফের সাউথ বেঙ্গল,নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিজিবির স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি দলে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের নোডাল অফিসার ও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। একুশ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। এছাড়া ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। ভারতের সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মানি তিওয়ারি।
সম্মেলনে সীমান্ত অপরাধ যেমন মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, সোনা, অস্ত্র, জাল নোট প্রভৃতি চোরাচালান রোধে গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষ প্রাক অনুমতি ছাড়া সীমান্তের ১৫০ গজের ভেতর কোন ধরনের উন্নয়নমূলক কাজ না করার ব্যাপারে সম্মত হয়।
সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি বলেন, আমরা যৌথ উদ্যোগের ব্যাপারে অনেক বিষয়ে আলোচনা করেছি। আন্তঃসীমান্ত অপরাধ দমনের ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচিত হয়েছে নিরাপত্তার প্রসঙ্গও। পারস্পরিক বিশ^াসের প্রসঙ্গ উঠে এসেছে।