যশোরে বাসের ধাক্কায় ইলেকট্রিশিয়ান নিহত: চালকসহ বাস আটক

0
স্থানীয়দের গণপিটুনিতে আহত চালক রায়হান (২৫)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল সড়কের দাইতলা বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ আহমেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ আহমেদ যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা (ঝুমঝুমপুর) গ্রামের বাসিন্দা এবং ‘মডার্ণ ইলেকট্রিক্যাল ওয়ার্কসপ লিমিটেড’-এর যশোর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ আহমেদ সাইকেলযোগে রাস্তা পার হচ্ছিলেন। এসময় নড়াইল থেকে যশোরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুরাদের সহকর্মী আব্দুল আলীম জানান, তিনি কোম্পানির কাজে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দাইতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিকে থামিয়ে চালক রায়হানকে (২৫) আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, আটক চালক রায়হান বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।