অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম

0
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।। ছবি: সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ‘১২টা বাজিয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আবদুস সালাম বলেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশের কোনো উন্নয়ন করতে পারেননি। তার ভাষায়, ওই সরকার ১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে।

ঢাকার সংকটের চিত্র:

ডিএসসিসি প্রশাসক বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে ১৫-২০ লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে।

ঢাকার প্রাকৃতিক জলপথ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, অন্তত ১৫ থেকে ২০টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় যাওয়ার স্বাভাবিক ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। ফলে নিউমার্কেটের মতো নিচু এলাকায় দ্রুত পানি জমে যাচ্ছে।

বর্ষায় রাস্তা খোঁড়াখুঁড়ি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনসহ সব সেবা মাটির নিচে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নাগরিকদের দায়িত্বের কথা:

বায়ুদূষণ ও শব্দদূষণের জন্য শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদের অসচেতন আচরণকেও অনেকাংশে দায়ী করেন আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ সিটি করপোরেশনের। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমা পানিতে মশার লার্ভা পাওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, নিজেদের বাড়িতে মশার ফ্যাক্টরি তৈরি করে সিটি করপোরেশনের ওপর দোষ চাপালে চলবে না। জনগণ সচেতন হলে দুবছরের মধ্যে ঢাকার চেহারা বদলানো সম্ভব, অন্যথায় ২৫ বছরেও তা পরিবর্তন করা যাবে না।

নতুন উদ্যোগ ও পরিকল্পনা:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ইতোমধ্যে ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।

এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমিক, সরঞ্জাম ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।