যশোরে পিতার ছুরিকাঘাতে ছেলে আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে সজীব হোসেন (২৫) নামে এক যুবক তার পিতার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পারিবারিক গোলযোগের জের ধরে রোববার সকালে এই ঘটনা ঘটে। সজীব হোসেন গাইদগাছি গ্রামের তরিকুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্র জানিয়েছে, সকাল ৮টার দিকে পরিবারের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে সজীবের সঙ্গে তার পিতার বিবাদ শুরু হয়। গোলযোগের একপর্যায়ে পিতা তরিকুল ইসলাম ছেলে সজীবকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. শাহারুল ইসলাম শুভ জানিয়েছেন, সজীবের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে বুকের আঘাতটি অত্যন্ত গভীর এবং এতে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত (ইনজুরি) হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।