যশোরে নয় মাসে ১১ জনের শরীরে এইডস শনাক্ত : দুই জনের মৃত্যু

0

বিএম আসাদ ॥ প্রাণঘাতি রোগ এইচআইভি এইডস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যশোরে। এ জেলায় এইডসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের সাড়ে ৯ মাসে যশোরে ১১ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছেন। এ সময় ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এআরটি সেন্টার চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে এ জেলায় এইচআইভি এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা হাসপাতালে আক্রান্তদের চিকিৎসার জন্যে সরকারিভাবে এআরটি সেন্টার চালু করা হয়েছে। গত আগস্ট মাসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা এ সেন্টারের উদ্বোধন করেন। এরপর থেকে এইচআইভি এইডস রোগীদের আর খুলনায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে না। রোগীরা বিনামূল্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা পাচ্ছেন। এর আগে যশোর জেলায় এইডস রোগী শনাক্ত হলেও তাদের চিকিৎসা ও থেরাপী নেয়ার জন্যে খুলনায় পাঠানো হতো।
সূত্র জানায়, যশোরে চলতি বছরে এইডস রোগী বেশি শনাক্ত হয়েছে। জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৬শ ৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ জনের এইডস শনাক্ত হয়েছে। আক্রান্তদের ভেতর ২ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে একজন ও মার্চে একজন মারা যান। মার্চে ১শ ৭৮ জনকে পরীক্ষা করে তিন জন, জুনে ২শ ৫৯ জনের পরীক্ষায় তিনজন, জুলাইতে ৯১ জনের পরীক্ষায়ও ৩জন, ফেব্রুয়ারিতে ১শ ৪২ জনের পরীক্ষায় ১ জন ও অক্টোবরে ৫৯ জনের পরীক্ষা করে ১ জনের শরীরে। এছাড়া জানুয়ারিতে ২শ ৮৫ জন, এপ্রিলে ১শ ১৬ জন, আগস্টে ২শ ৫৭ জন, সেপ্টেম্বরে ১শ ৪১ জনকে এসটিডি সেন্টারে পরীক্ষা করা হলেও তাদের শরীরে এইচআইভি এইডস জীবাণু পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র আরও জানান, এসটিডি সেন্টারে প্রচুর সংখ্যক লোকের প্রতিদিন এইচআইভি এইডস পরীক্ষা করা সম্ভব। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা রোগীদের যেভাবে এইচআইভি এইডস পরীক্ষা দিচ্ছেন না। অথচ এখানকার লোকজন ভারতে গেলে সেখানে পরীক্ষা করা হচ্ছে এবং এইচআইভি। এইডস শনাক্ত হওয়ার পর ফিরে এসে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যশোরে ২০২২ সালে ১ জন এইডসে আক্রান্ত হন। ২ জন মারা যান। ২০২১ সালে আক্রান্ত হয়েছেন ৪ জন। মারা গেছেন ১ জন। ২০২০ সালে ৩ জন আক্রান্ত হয়েছেন। তবে ওই বছর এইডস কমিটির প্রতিবেদনে ১০ জন আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে অনুযায়ী ২০০৬ সাল হতে ২০২০ সাল পর্যন্ত ১৭ বছরে ১শ ৩৫ জন এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন। এ সময় ২২ হাজার ৯শ ৮ জনের ২৫০ শয্যা হাসপাতাল ও ৭টি এনজিও মিলে মোট ৮টি প্রতিষ্ঠানে পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে ১০ জনের মধ্যে হয়েছিল।
এ ব্যাপারে এআরটি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্তজা জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে এইচটিসি প্রকল্পের আওতায় এআরটি সেন্টার সরকারিভাবে বিনামূল্যে এইডস পরীক্ষা করা হচ্ছে। এটা যশোরবাসীর জন্য সৌভাগ্যের ব্যাপার।