যশোরে জুট মিলের কর্মচারীকে মারধর করে ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বাহাদুরপুরের আফনান জুট মিলের হিসাবরক্ষক আব্দুল হালিমকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার শিকার আব্দুল হালিম জানান, গত বুধবার রাত আটটার দিকে কর্মস্থল আফনান জুট মিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাহাদুরপুরের আমতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আচমকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তিনি রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ৭ হাজার ৯ শ টাকা এবং অফিসের কিছু বিল ভাউচার ছিল। তিনি জানান, তার চিৎকারে পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে রাতেই উপশহর পুলিশ ক্যাম্পের এসআই এইচএমএ লতিফ ঘটনাস্থলে গিয়েছিলেন। দুর্বৃত্তদের আটকে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।