অভয়নগরে ১০ মামলার পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল গ্রেপ্তার

0
অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে 'মাদক কামরুল'।। ছবি: সংগৃহীত

​স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ওরফে ‘মাদক কামরুল’কে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে এসআই গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, আটক কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে কামরুল ইসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারে তৎপর ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, অসংখ্য মাদক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মাদক কামরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।