লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী অমিত

0
লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার ,লোকসমাজ : লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জিস সামিটে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বর্ধনশীল জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি জানান, এ বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন। তিনি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ প্রবাহের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন।

তার উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৬-এর প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তাবলিও তুলে ধরা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করে চলমান বিডিং রাউন্ডে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।

সামিটের প্রথম দিনে চারটি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানির সঙ্গে প্রতিনিধিদলের পৃথক সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে অফশোর বিডিং রাউন্ডের বিভিন্ন সুবিধা তুলে ধরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, সামিটের দ্বিতীয় দিনে আরও চারটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।