যশোরে জব্দকৃত ২৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, সাপের বিষ, আনাগ্রা, ভায়াগ্রা ও সেনেগ্রা রয়েছে। বুধবার সকালে ৪৯ বিজিবি যশোর সদর দপ্তরের বাস্কেট গ্রাউন্ড প্রাঙ্গণে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ। ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল, অতিরিক্ত পরিচালক মেজর মো. সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক ইউসুফ মিয়া, প্রেস ক্লাবের যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।
বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, মাদকাসক্তের কারণে একটি সমাজ, দেশ ও জাতি ধ্বংস হচ্ছে। তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০১৭ সালের পহেলা মে থেকে চলতি বছরের পহেলা মে পর্যন্ত ৬ বছরে বিপুল পরিমাণ মাদক জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।
ধ্বংস হওয়া মাদকদ্রব্যর মধ্যে আছে ফেনসিডিল ৭৫ হাজার ৫ বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদ ৫ হাজার ৫১৩ বোতল, গাঁজা ১ হাজার ৭০৩ কেজি, হেরোইন ৭ হাজার ৯৮২ কেজি, ইয়াবা ট্যাবলেট ২১ হাজার ৫ পিস, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ৬৯ হাজার ৫০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ৩ হাজার ৭ পিস, সিরাপ-১ বোতল এবং সাপের বিষ ১ পাউন্ড।