যশোরে চাঁদা না পেয়ে কেয়ারটেকারকে মারধরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা (পাবনাপাড়া) এলাকার নির্মাণাধীন একটি বাড়ির কেয়ারটেকারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ হোসেন নামে ওই কেয়ারটেকার বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি সত্য নয়।
সবুজ হোসেনের অভিযোগ, মফিজুর রহমান নামে এক ব্যক্তি পুলিশ লাইন টালিখোলা (পাবনাপাড়া) এলাকায় বাড়ি নির্মাণ করছেন। নির্মাণ কাজ দেখাশোনার জন্যে তাকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে তিনি নৈশ প্রহরীর চাকরি করেন। বাড়ি নির্মাণ কাজের ঠিকাদার জামির হোসেন নামে এক ব্যক্তি। নির্মাণ কাজ করার সময় একই এলাকার রতনের ছেলে ইব্রাহিম, ইসমাইল এবং ফারুকের ছেলে রাজুসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সেখানে এসে সবুজ হোসেনের ওপর চড়াও হন। তারা তাকে মালিক মফিজুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন। টাকা এনে না দিলে তাকে খুন করে লাশ গুম করারও হুমকি দেন তারা। তারা ঠিকাদার জামির হোসেনের কাছেও চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। ফলে ঠিকাদার তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা দিয়ে ফের নির্মাণ কাজ শুরু করেন। এরপর গত ২৬ এপ্রিল রাত ৭টার দিকে অভিযুক্তরা নির্মাণাধীন বাড়িতে যান। এ সময় তারা বাড়ির মালিক মফিজুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা এনে দেওয়ার জন্যে সবুজ হোসেনের ওপর চাপ সৃষ্টি করেন। অস্বীকার করায় তারা সবুজ হোসেনকে মারধর এবং তার মোবাইল ফোনসেট কেড়ে নিয়ে যান।
যোগাযোগ করা হলে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রেজাউল করিম জানান, তারা এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি এসআই হেলালুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই হেলালুজ্জামান জানান, তদন্তে কেয়ারটেকারের করা চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, কেয়ারটেকার সবুজ হোসেন স্থানীয়। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারাও একই এলাকার বাসিন্দা। মূলত অভিযুক্তদের মধ্যে দুই যুবক নির্মাণাধীন বাড়ির ভেতর চেয়ার নিয়ে বসেছিলেন। কিন্তু এটা পছন্দ করেননি সবুজ হোসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিলো বলে জানতে পেরেছেন।