যশোরে করোনা টিকা নেয়ার পর গৃহবধূ অসুস্থ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চৌগাছায় করোনা টিকা নেয়ার পর আলেয়া (২৭) নামে এক গৃহবধূ অসুস্থ হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিকা নেয়ার এক ঘন্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন। আলেয়া বেগমম চৌগাছা উপজেলার তেঘরী পাতিলা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। গত ৩০ ডিসেম্বর তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার ভর্তি টিকিটের রেজিঃ নং-৫৬৪/৮৪। হাসপাতালের আরএমও মো. আরিফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ধরনের একটি রোগী মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুনেছা লাকীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা টিকা নেয়ার পর ওই মহিলা রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা টিকা নিয়ে কেউ অসুস্থ হলেও হতে পারে। এটা এমন কিছু নয়। কারোর কোনো রোগ থাকতে পারে। আগে অসুস্থ ছিল। টিকা নেয়ার সময় সে হয়তো সুস্থ ছিল। টিকা নেয়ার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর পূর্বের রোগের কারণে তাৎক্ষণিক অসুস্থ হয়। পরে আবার ঠিক হয়ে যায়। এ জন্য টিকা দিয়ে কোন প্রতিক্রিয়া হয় কি-না তা পর্যবেক্ষণের জন্যে টিকা গ্রহণকারীকে আধা ঘন্টা বসিয়ে রাখা হয়। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আরও বলেন, আমরা বিশেষ করে ডায়াবেটিসের উচ্চমাত্রা জ্বর ও শ্বাসকষ্টসহ কয়েকটি রোগে আক্রান্তদের বিেিশষভাবে পর্যবেক্ষণ করি। তবে, আলেয়া করোনা টিকা সংক্রান্ত ব্যাপারে অসুস্থ কি-না এ সম্পর্কে তার কাছে তথ্য নেই। আলেয়া জানিয়েছেন, তিনি গত বুধবার দুপুর ১টায় করোনা টিকা নেন। ১ ঘন্টা পর অসুস্থ হয়ে পড়েন। টিকা নেয়ার আগে থেকে মাঝেমধ্যে তার মাথায় যন্ত্রণা করতো। অসুস্থ হওয়ার পর তিনি বৃহস্পতিবার চৌগাছা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ছেড়ে দেয়ার পর যশোরে এসে ভর্তি হন।