যশোরে ইজিবাইক চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের আলোচিত ইজিবাইক চুরি মামলায় আন্তঃজেলা চোর চক্রের ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন।
অভিযুক্ত আসামিরা হলো, যশোর সদরের কাজীপুর ক্লাব মোড়ের মৃত আলী মোল্লার ছেলে মনির হোসেন, তুলাগোলদারপাড়ার আশ্রয়ণ প্রকল্প এলাকার মুন্না খানের ছেলে জনি হোসেন, মৃত সাত্তার গাজীর ছেলে রেজাউল গাজী, মুড়লী খাঁ পাড়ার মৃত গহর আলীর ছেলে শাহ পরান ওরফে পাখি, সাতক্ষীরার কলারোয়ার জয়নগর গ্রামের জমির আলীর ছেলে বর্তমানে যশোর শহরতলীর রামনগর ধোপাপাড়ার শাকের আলীর জামাই বাবলু হোসেন, শাখের আলীর ছেলে ইউসুফ, ইমান আলীর ছেলে রায়হান, রামনগর ধোপাপাড়ার সোহরাব হোসেনের ছেলে সোহাগ হোসেন মোল্যা, খুলনা ডুমুরিয়ার উলা সরদার বাড়ি গ্রামের শহিদুল সরদারের ছেলে সাদ্দাম হোসেন ও সাহস ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাজু সরদার।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের বেজপাড়ার আব্দুল্লাহ আল মামুনের একটি ইজিবাইক চলতি বছরের ৭ মার্চ ধর্মতলা এলাকা থেকে চুরির ঘটনায় গত ১০ মার্চ কোতয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলা তদন্ত করতে গিয়ে ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুড়লীর মোড় থেকে আসামি মুনির ও তার সহযোগী পাখিকে আটক এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে ডিবি পুলিশ। এদিন রাতে আটক দুইজনের স্বীকারোক্তিতে রাজারহাট রেলক্রসিং এলাকা থেকে জনি ও তার সহযোগী রেজাউল গাজীকে একটি চোরাই ইজিবাইকসহ আটক করা হয়। এ সময় তাদের সহযোগী বাবুল হোসেন, ইউসুফ, রায়হান ও সোহাগ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১২-৯৮০০) ফেলে পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশের কাছে স্বীকার করে তারা আন্তঃজেলা ইজিবাইক ও ছিনতাইচক্রের সদস্য। তারা চোরাই প্রাইভেটকার ব্যবহার করে যাত্রী সেজে বা ভাড়ায় নিয়ে নির্জন স্থানে চালককে নিয়ে গিয়ে মারধরে ইজিবাইক ছিনতাই করে থাকে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় একটি চুরি মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত সাজু সরদার, ইউসুফ ও বাবুল হোসেনকে পলাতক দেখানো হয়েছে।