যশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও বেসরকারি মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে যশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার। এতে যশোর জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও মানবাধিকার সংগঠন রাইটস যশোর, অর্পন মানবাধিকার সংগঠন, নাজির শংকরপুর হাই স্কুলের শিক্ষার্থী, ট্রান্স জেন্ডারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এরআগে শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, বিশ্বে আজ নানাভাবে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর পৃথিবীর বহু রাষ্ট্র এই ঘোষণায় স্বাক্ষর করলেও বিশ্বব্যাপী মানবাধিকার লংঘনের ঘটনায় ইতি টানা সম্ভব হয়নি। সংক্ষিপ্ত এই সমাবেশে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বক্তৃতা করেন। পরে জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।