ঝিকরগাছার বিষ দিয়ে মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের একটি সরকারি খাস পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরটির লিজগ্রহীতা।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার লাউজানী গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন সরকারি খাস পুকুরটি (প্রায় ১.৮৬ একর) লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।

বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে।

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে। বিষ প্রয়োগের কারণে পুকুরের চাষ করা প্রায় সব মাছ মারা গেছে।

মাছচাষি আনোয়ার হোসেন জানান, এতে তার আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।