যশোরে অস্ত্র মামলায় পৌর কাউন্সিলর নয়ন কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ৫ বছর আগের অস্ত্র আইনের একটি মামলায় আসামি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোচিত শাহেদ হোসেন নয়ন সোমবার (১৭ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শাহেদ হোসেন নয়ন যশোর শহরের শংকরপুরের ফারুক হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর সদর উপজেলার এড়েন্দা গ্রামে দুই দল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে গুরুতর জখম হয়েছিলো কুখ্যাত সন্ত্রাসী রাব্বি ইসলাম শুভ এবং শিশির ঘোষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখম অবস্থায় তাদের উদ্ধারসহ সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি ও ১৯টি তাজা বোমা উদ্ধার করে। অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই বাবুন বিশ্বাস ১২ জনকে আসামি করে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেন। শাহেদ হোসেন নয়ন এই মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার তিনি এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।