যশোরের সাংবাদিকদের সাথে নয়া ডিসির মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নয়া জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সাধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রথম পরিচিতিমূলক মতবিনিময় সভায় মিলিত হন। এই সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রকাশক, সম্পাদক এবং প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নয়া ডিসি মোহাম্মাদ আশেক হাসান তার স্বাগত বক্তব্যে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং তথ্য বিনিময় নিশ্চিত করা আমার অন্যতম অগ্রাধিকার। আমরা একসঙ্গে কাজ করে যশোরকে আরও স্বচ্ছ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের কার্যক্রমের প্রতি জনগণের আস্থা বাড়ানো এবং সমস্যার দ্রুত সমাধান করা সাংবাদিকদের সহায়তায় সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, দৈনিক গ্রামের কাগজ এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম প্রমুখ। এসময় উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে যশোরের সমস্যা অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় উন্নয়ন, পরিকল্পনা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা স্থানীয় সংবাদ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকরা প্রশাসন এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। প্রশাসন যদি আমাদের সঙ্গে নিয়মিত তথ্য ভাগাভাগি করে, তবে জনগণ দ্রুত এবং সঠিক তথ্যের মাধ্যমে সুবিধা পাবে।

জেলা প্রশাসক আশেক হাসান সাংবাদিকদের প্রতিশ্রুতি দেন যে, তিনি নিয়মিত মতবিনিময় সভা, তথ্য সরবরাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবেন। তিনি বলেন, আমরা চাই সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তাদের সহায়তা ও মতামত আমাদের জন্য মূল্যবান। আমরা একসঙ্গে কাজ করে যশোরকে উন্নয়নের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত সংলাপ এবং সহযোগিতা ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করবে।