মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমাসদৃশ একটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মৃত রজব আলীর ছেলে আক্কাস আলী (৪৫)-র বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন।

চিরকুটে লিখা ছিলো, ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা মেরে মেরে ফেলব। দল এখন পাওয়ারে। বেঁচে থাকতে কথা শোন।’

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর।

পরে বাড়ির মালিক রজব আলী বিষয়টি গাংনী থানা পুলিশকে অবহিত করলে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাংনী থানা ওসি (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।