এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

লোকসমাজ ডেস্ক॥ নির্বাচনী ইশতিহারে ঘোষিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগের শূন্য পদের হালনাগাদ তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তাদের অনুমোদিত পদ, কর্মরত জনবল এবং শূন্য পদের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার জারি করা নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত ছকে তথ্য প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠাতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হবে।
নির্দেশনার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থা।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে ঘোষিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শূন্য পদের সঠিক তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ধাপ। তথ্য সংগ্রহ শেষে নিয়োগ পরিকল্পনা ও জনবল পুনর্বিন্যাসের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।