আশাশুনিতে র‌্যাবের অভিযানে জেলি পুশ করা দেড় হাজার কেজি চিংড়ি জব্দ

কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য তরল জেলি পুশ করে বাজারজাত করছিলেন

0

সাতক্ষীরা সংবাদদাতা, লোকসমাজ : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। পরে জব্দ করা চিংড়িগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মহিষকুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য তরল জেলি পুশ করে বাজারজাত করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি, জেলি পুশের সরঞ্জাম এবং ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, র‌্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানে উদ্ধার হওয়া জেলি পুশকৃত চিংড়ি ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে চিংড়িগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেলি পুশ করা ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্যবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।