পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

“বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।”

0
পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আমগুলো হস্তান্তর করা হয়।
উপহার হিসেবে পাঠানো এ আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। জানা গেছে, ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।”