প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বৈদেশিক সম্পর্ক–বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব জাহিদুল ইসলাম জানান, বৈঠকে জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সহায়তা ৫০ কোটি ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

জাহিদুল ইসলাম জানান, এ সময় জাপানি প্রতিনিধিদল বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট প্রদান করা হবে বলে প্রধানমন্ত্রীকে জানান। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন।