যশোরের শংকরপুর থেকে ১৩১ বোতল উইনসেরেক্স ও এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর জমাদ্দার পাড়ায় মাটিতে পুঁতে রাখা কলস ও বস্তার ভেতর থেকে ১৩১ বোতল ফেনসিডিলের বিকল্প উইনসেরেক্স কফ সিরাপ ও এসকাফ কফ সিরাপ উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় মশিউল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভারতীয় অবৈধ এ দুই সিরাপ যশোরে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার করছে মাদকসেবীরা।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দার পাড়ার মায়ের আঁচল নামক একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ওই বাড়ির রান্নাঘরের পাশে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তা ও মাটির কলসের ভেতর থেকে নেশা জাতীয় ১৩১ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে উইনসেরেক্স কফ সিরাপ ৫৫ বোতল এবং এসকাফ সিরাপ রয়েছে ৭৬ বোতল।

তিনি জানান, এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত মশিউল আলম নামে এক ব্যক্তিকে তারা আটক করেন। আটক মশিউল আলম একই এলাকার মৃত তফসির বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।