যশোরের বিভিন্ন সংগঠন বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে মাঠে নেমেছে

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সাহায্যের লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্যে যশোরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। শুক্রবারও যশোর শহরে এসব সংগঠনের নেতাকর্মীরা মানবিক বিবেচনায় বানভাসিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেন। মানবিক বিপর্যয় থেকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্যের জন্যে মানুষ হাত বাড়িয়ে দেয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন প্রান্তে জেলা ইমাম পরিষদের ব্যানারে একটি পিকআপে মাইকিং করে অর্থ সংগ্রহ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় সাধারণ মানুষ ইমাম পরিষদের আহ্বানে সাড়া দিয়ে বানভাসিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হোসেন বলেন, যশোর জেলা ইমাম পরিষদ দেশে যেকোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এর আগে রোহিঙ্গাদের জন্যে তিন দফায় জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে ১ কোটি ২২ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এসব টাকা যশোরের ৮টি উপজেলা থেকে সংগ্রহ করা হয়। এবার বন্যার্তদের জন্যে এমন টার্গেট নিয়ে ইমাম পরিষদের উদ্যোগে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে জানান মাওলানা বেলায়েত হোসেন। তিনি বলেন, শুক্রবার বাদএশা সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দের বৈঠক রয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে কবে আমরা সিলেটে বানভাসিদের ত্রাণ দিতে যাবে।
ইমাম পরিষদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগেও শহরে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বানভাসিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে পিকআপে দান বাক্স বসিয়ে মাইকিং করে অর্থ দেয়ার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।
অর্থ সংগ্রহের জন্যে বিভিন্ন স্থানে ক্যাম্পিং করতে দেখা যায় বনিফেস যুব কল্যাণ সংস্থা নামে একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীদের। এর বাইরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে বন্যার্তদের জন্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিতে দেখা যায়।