যশোরের কারবালা রোডে বাসায় চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের কারবালা রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরচক্র ওই বাসা থেকে সোনার অলঙ্কারসহ সোয়া দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। কারবালা রোডের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের নির্মাণাধীন ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তাসলিমা হাসান নামে একজন নারী। তার অভিযোগ, তিনি গত ৫ জুলাই রাতে একাকি বাসায় ছিলেন। পরদিন ৬ জুলাই সকাল ৬ টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন, ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। তার ঘরের পশ্চিম দিকের কাঠের দরজার নিচের অংশ ভাঙা। স্টিলের আলামারিতে চাবিও ঝুলানো। আলমারিতে রাখা নগদ ৯০ হাজার টাকা, বিভিন্ন ধরনের সোনার ও রূপার গহনা, দুটি মোবাইল ফোনসেট নেই। অজ্ঞাত চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকাসহ সোয়া ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।