যশোরের উপশহরে যুবক ছুরিকাহত ইউপি মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আটক দুই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর এলাকায় আল আমিন নামে এক যুবক ছুরিকাঘাতের ঘটনায় সোমবার দুপুরে কোতয়ালি থানায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার হাবিবুর রহমান টমাসসহ ৫ জনকে আসামি করে মামলাটি করেছেন আহত যুবককের বোন মোছা. তানিয়া আক্তার। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।
ইউপি মেম্বার হাবিবুর রহমান টমাস বাদে মামলার অপর আসামিরা হলেন, উপশহর ডি-ব্লক এলাকার মতি হাসানের ছেলে রাজন হাসান (২০), কিসমত নওয়াপাড়াস্থ ট্রাকস্ট্যান্ড বস্তির বাদশা আলম ওরফে কসাই বাদশা (৪৫), তার স্ত্রী মোছা. মোম বেগম (৪০) ও ছেলে হৃদয় (২২)।
মোছা. তানিয়া আক্তার মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ভাই আল আমিনের আগে থেকে বিরোধ চলে আসছে। গত রোববার বিকেল সোয়া ৩টার দিকে উপশহর ডিগ্রি কলেজ এলাকার জনৈক সবুজের দোকান হতে বিকাশের সাড়ে ১০ হাজার টাকা উত্তোলন করে রিকশাযোগে এ-ব্লক এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে উপশহর শিশুপার্ক সংলগ্ন শেখ কামাল স্মৃতি সংঘ ক্লাবের সামনে পৌঁছানো মাত্রই আসামিরা তাকে দেখে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে আসামি বাদশা আলমের হুকুমে অপর আসামি রাজন হাসান তাকে ছুরিকাঘাত করেন। এরপর আসামি হাবিবুর রহমান টমাস, হৃদয় ও মোম বেগম লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আল আমিনকে মারধর করেন। এরই মধ্যে আল আমিনের পকেটে থাকা সাড়ে ১০ হাজার টাকা কেড়ে নেন আসামি হাবিবুর রহমান টমাস। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে চলে যান। এরপর আহত আল আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর এজাহারভুক্ত প্রধান আসামি রাজন হাসান এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে মাহিম মাহমুদ (১৯) নামে এক তরুণকে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের মণিহার এলাকা থেকে আটক করা হয়। মাহিম মাহমুদ সিটি কলেজপাড়া এলাকার আইনুল পাঠানের ছেলে। পরে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়।