যমেক হোস্টেলে শিক্ষার্থী নির্যাতন, প্রতিবেদন জমা তদন্ত কমিটির

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজ (যমেক) হোস্টেলে শিক্ষার্থী জাকির হোসেনের নির্মম নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিটি গত রোববার তাদের তদন্ত প্রতিবেদন অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান কলেজের অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম।
গত ৩১ জানুয়ারি যশোর মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থী জাকির হোসেনের ওপর একই কলেজের কয়েকজন শিক্ষার্থী নির্মম নির্যাতন চালান। মাদক সেবনে বাধা দেয়াসহ ছাত্রলীগের অন্তর্কলহের জের ধরে তাকে মারধর করা হয় বলে জাকিরের দাবি। এ ঘটনায় তোলপাড় হলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কমিটির প্রধান অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম, সদস্য সচিব হল সুপার ডা. সাকলায়েন আজম, সদস্য সহকারী হল সুপার ডা. কাদির শাওন, ডা. শান্তনু ও ডা. আব্দুল্লাহ আল মামুন। কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। গত ৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আরো ৫ দিন সময় বৃদ্ধি করে। গত শনিবার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর গত রোববার মেডিকেল কলেজ অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম এ বিষয়ে দৈনিক লোকসমাজকে বলেন, তারা মারধরের শিকার শিক্ষার্থী ছাড়াও কলেজ হোস্টেলের কর্মকর্তা,কর্মচারী ও অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। মারধরে যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই প্রতিবেদন দিয়েছেন। অবশ্য এর বেশি আর কিছু বলতে রাজি হননি কমিটির প্রধান।
মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিদুর রহমানকে সোমবার সন্ধ্যায় কয়েকদফা ফোন করা হলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে জাকির হোসেনকে নির্যাতন ও মোটরসাইকেল জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় তার ভাই রেলওয়ের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গত ৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন। মামলায় মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের ৭ শিক্ষার্থীকে আসামি করা হয়। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছিলেন। সেই সাথে এজাহার গ্রহণের বিষয়টি ৩ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য আদেশ দিয়েছিলেন ওসিকে।
সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম বলেন, গত রোববার পর্যন্ত এ সংক্রান্ত আদালতের কোনো আদেশ তারা হাতে পাননি। তবে সোমবার আদেশটি থানায় এসে পৌঁছেছে কি না তা তিনি জানেন না। কারণ তিনি কর্মস্থলের বাইরে রয়েছেন।
পরে কোতয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, জাকির হোসেনকে নির্যাতনের ঘটনায় আদালতে দায়ের করা মামলার আসামিরা হলেন, যশোর মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন, ৫ম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান আকাশ, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান লিয়ন, ৯ম ব্যাচের শিক্ষার্থী শাকিব আহমেদ তনিম, সৌম্য সাহা, ১০ম ব্যাচের শিক্ষার্থী তন্ময় সরকার ও ৭ম ব্যাচের শিক্ষার্থী রাসেল।