যবিপ্রবির ছাত্রহল থেকে ১৯ দিনে ২৩টি গাঁজার গাছ উদ্ধার

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) ছাত্র হলে আবারও জন্মেছে গাঁজা গাছ। শুক্রবার হলের পেছনে পশ্চিম পাশে ৭/৮ টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে ১৫ জানুয়ারি ১৫ টির মতো গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেন হল কর্তৃপক্ষ ।
শ.ম.র হলে একাধিকবার গাঁজা গাছ পাওয়ায় ক্ষুব্ধ সাধারাণ শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রকৌশল অনুষদের একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্র। অথচ আমাদের এখানে মাদকদ্রব্য চাষের চর্চা হচ্ছে। হলের খেলার মাঠ, পেছনের সাইড এমনকি রুমের করিডোরে মাদকের গাছ পাওয়া যাচ্ছে যা হতাশাজনক। এখানে হল কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাব রয়েছে বলে আমরা মনে করি।
ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষার্থী সৈয়দ ইশতিয়াক কাইয়ুম বলেন, যারা হলে গাঁজা খান, তারা একটু সাবধানে খাবেন এবং নিজের খাওয়া শেষ করে উচ্ছিষ্ট অংশ যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। কর্তৃপক্ষের দায় দেখতে গেলে এখানে তাদের ভূমিকা খুবই নগন্য। তারা তো গাছ নিয়ে আসেনি। কিন্তু তারা পরিচ্ছন্নতার কাজে ব্যর্থ। এখানে শিক্ষার্থীদের একটা অংশ ঠিকই গাঁজা সেবন করে। সহপাঠী বা জুনিয়রদের জন্যে আমার পরামর্শ থাকবে গাঁজা সেবন থেকে বিরত থাকার।
এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা এখনি গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালিকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনভাবেই জন্মাতে না পারে। তারপরেও বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ আমার জানা নেই।