রেসকো বিস্কুট ফ্যাক্টরির দুই শ্রমিককে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝুমঝুমপুরে বিসিকে রেসকো বিস্কুট ফ্যাক্টরির দুই শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)  আদালতে মামলা হয়েছে। দুই জনকে আসামি করে মামলাটি করেছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা জামাল হোসেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা মিন্টু গাজী ও তার ছেলে সৌমিক গাজী।
মামলায় জামাল হোসেন উল্লেখ করেছেন, তিনিসহ তোফাজ্জেল হোসেন ও আসামি সৌমিক রেসকো বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন। খারাপ আচরণের কারণে সৌমিকের চাকরি চলে যায়। সৌমিকের সন্দেহ, জামাল ও তোফাজ্জেলের ষড়যন্ত্রের কারণে তার চাকরি চলে গেছে। এ কারণে চাকরি হারানোর পর থেকে সৌমিক তাদের প্রায় খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২৭ মার্চ বিকেলে জামাল ও তোফাজ্জেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার জনৈক আহাদের বাড়ির সামনে পৌঁছালে সৌমিক ও তার পিতা মিন্টুসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজন তাদের গতিরোধ করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে জামাল ও তোফাজ্জেলকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।