পাঁচশ টাকার টিউশনি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান, ইবি শিক্ষার্থী নোমানের অদম্য পথচলা

0
ছবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

ইবি সংবাদদাতা॥ মাসে মাত্র ৫০০ টাকার একটি টিউশনি দিয়ে শুরু হয়েছিল পথচলা। সেই টিউশনির আয় দিয়ে একসময় নিজের পড়াশোনার খরচ চালানোই ছিল বড় চ্যালেঞ্জ। অথচ আজ তাঁর হাতেই গড়ে উঠেছে লাখ টাকা আয়ের অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান।

যেখানে নিয়মিত পড়াশোনা করছে অর্ধশতাধিক শিক্ষার্থী। শুধু নিজের আত্মনির্ভরশীলতাই নয়, এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন আরও আটজন শিক্ষার্থীর জন্য।

সংগ্রাম থেকে সাফল্যের এই গল্পের নায়ক আব্দুল্লাহ আল নোমান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামে। বাবা শামছুল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া নোমানের শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই ছিল প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের গল্প।

২০১৫ সালের দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে নোমান জানান, সে বছর পরিবারের আর্থিক সংকট তীব্র আকার ধারণ করায় তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। বাবার একার উপার্জনে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে তাঁর পড়াশোনার খরচ জোগানো ছিল আরও বড় চ্যালেঞ্জ। নিরুপায় হয়ে নিজের খরচ নিজেই জোগানোর সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলাকার দুই শিক্ষার্থীকে পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর সংগ্রামের যাত্রা। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে টিউশনির আয় দিয়েই নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন তিনি।

দারিদ্র্য যেন প্রতিনিয়ত তাঁর পথ আটকে দাঁড়াতে চেয়েছে। আলিম পর্যায়ে ভর্তির সময়ও অর্থসংকটে পড়েন তিনি। তখন ৮ হাজার টাকা ঋণ করে ভর্তি হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তবে আর্থিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।

নোমানের জীবনের মোড় ঘুরে যায় করোনাকালে। মহামারির প্রভাবে প্রচলিত টিউশনির সুযোগ যখন বন্ধ হওয়ার উপক্রম, তখন হতাশ না হয়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন তিনি। সেই ভাবনা থেকেই ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে একটি পেজ খুলে অনলাইনভিত্তিক পাঠদান শুরু করেন। তাঁর লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের সন্তানদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ করে দেওয়া।

শুরুর পথ মোটেও সহজ ছিল না। প্রত্যাশিত সাড়া না পেলেও হাল ছাড়েননি নোমান। বরং ধৈর্য ও নিরলস পরিশ্রমে চালিয়ে গেছেন কার্যক্রম। অবশেষে ২০২২ সালের শেষ দিক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। প্রবাসী পরিবারের শিশুদের অনলাইনে পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি পড়ানো শুরু করেন তিনি। এভাবেই তাঁর ব্যক্তিগত উদ্যোগটি ধীরে ধীরে রূপ নেয় একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে।

বর্তমানে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’র কার্যক্রম বিস্তৃত হয়েছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠ নিচ্ছে। নোমানের সঙ্গে আরও আটজন শিক্ষক এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।

সব মিলিয়ে শিক্ষকসংখ্যা নয়জন। প্রতিষ্ঠানটির মাসিক আয় ছাড়িয়েছে লাখ টাকা। নিজের উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এই তরুণ উদ্যোক্তা।

নিজের সংগ্রামমুখর যাত্রার কথা তুলে ধরে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘২০১৫ সালের পর পরিবারের পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ৫০০ টাকার টিউশনি দিয়ে জীবনযুদ্ধ শুরু করি। পরে করোনাকালে টিউশন বন্ধ হলে ২০২১ সালে “তাদিলুল উম্মাহ একাডেমি” নামে ফেসবুক পেজ খুলে অনলাইন পাঠদান শুরু করি। প্রথম দিকে তেমন সাড়া মেলেনি, কিন্তু আমি থামিনি। আজ বিদেশের প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে পড়ছে। আমিসহ মোট নয়জন শিক্ষক এখানে কর্মরত এবং আমাদের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই তরুণ উদ্যোক্তা বলেন, ‘সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়াতে চাই। দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন দেখি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের কাছে বাংলা, আরবি, ইংরেজি ও গণিতসহ আমাদের জাতীয় শিক্ষাক্রম পৌঁছে দিতে চাই। আমার এই স্বপ্ন বাস্তবায়নে দেশবাসী ও সরকারের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করছি।’