মোরেলগঞ্জে মসজিদের জমি দখলে নিতে হয়রানির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামে মসজিদের জমি দখলে নিতে চাচাতো ভাই নোমান হোসেন মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছেন শামীম হোসেন শাওন। তাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ১৯৯৫ সালে উপজেলার ফুলহাতা গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ নির্মাণ করেন বিশিষ্ট শিল্পপতি এম মহসিন হোসেন। মসজিদের অনুকূলে প্রায় ৫০ বিঘা জমি দান করেন তিনি। স্বপ্ন ছিল মসজিদের সাথে মাদরাসা ও ইয়াতিমখানা করার। দান করা জমি থেকে যে আয় হবে, সেই আয়ে চলবে এই প্রতিষ্ঠান। এসব পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন তার ছেলে শামীম হোসেন শাওনকে।
বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আরব আলী বলেন, তিনি এই মসজিদে ছয় বছর ধরে ইমামতি করছেন। শিল্পপতি এম মহসিন যে জায়গা জমি রেখে গেছেন তার ছেলে শাওন এই সবকিছু দেখাশোনা করেন এবং প্রতি মাসে সেখান থেকে তাদের বেতন দিয়ে থাকেন। এছাড়া এলাকাবাসীরাও খুব আন্তরিক, মসজিদ পরিচালনায় তারা প্রতিনিয়ত আর্থিক অনুদান বা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন।
অভিযুক্ত নোমান হোসেনের আপন ভাই কবির হোসেন মোল্লা বলেন, ‘নোমান জমি সংক্রান্ত কারণে আমার নামেও ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আসলে সে মানুষের শান্তি সহ্য করতে পারে না। আমার চাচা এম মহসিন হোসেন তিনি মৃত্যুর আগে সবকিছুরই দলিল পত্র করে তার ছেলে শামীম হোসেন শাওনকে দায়িত্ব দিয়ে গেছেন এখন আমার ভাই নোমান কি কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে আমার এটা জানা নাই।
ভুক্তভোগী শামীম হোসেন শাওন বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে এই মসজিদ মাদ্রাসার ও এতিমখানার নামে ৫০ বিঘা জমি ওয়াকফ করে আমাকে মাতোয়ালি রেখে যান, সবকিছু পরিচালনার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। তার মারা যাওয়ার পর আমি এই ১৬ বছর ধরেই সঠিকভাবে দেখাশোনা করে আসছি। এই ৫০ বিঘা জমি থেকে যে আয় আসে তা দিয়েই মসজিদ পরিচালনা করা হয়, যেখানে আমারও একটা বেতন আছে। কিন্তু কিছুদিন থেকেই আমার আপন চাচাতো ভাই নোমান হোসেন মোল্লা এই মসজিদ মাদ্রাসা এতিমখানার ও বসতি বাড়ির জমি জায়গা দখল নেওয়ার জন্য আমার নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। দানকৃত জমির ওপর থেকে বেশ কিছু গাছপালা কেটে নিয়ে বিক্রি কে ছেন। দুই দিন আগেও আমার নামে আবার একটা মামলা দিয়েছেন। আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। আমি পুলিশ ও জেলা প্রশাসনের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছি যে আমাকে এই মিথ্যা মামলার হয়রানির থেকে সঠিকভাবে তদন্ত করে মুক্তি দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, শাওনের বাবা এলাকার মানুষের জন্য মসজিদ করেছেন। অনেক জমি দানও করেছেন। কিন্তু শাওনের চাচাতো ভাই নোমান হোসেন মোল্লা এখন দানের জমি ও তার শাওনের বাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। এটা অনৈতিক, আমরা এর একটা সমাধান চাই।