মোরেলগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

0

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মায়ের জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। ৫ ভাই- বোনকে বাদ দিয়ে বড় ভাইয়ের স্ত্রী নামে মায়ের জমি লিখে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন অপর দুই ভাই।
অভিযোগে জানা গেছে, উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নের বাসান্ডা গ্রামে মৃত কাজল খানের স্ত্রী গোলবানু বিবি ১১৩ নং দক্ষিণ সুতালড়ী মৌজার এসএ ১২৬৪-১২৬৬ নং খতিয়ানে স্বামীর ওয়ারেশ সূত্রে প্রাপ্ত ৩১ শতাশং জমির মালিক। তার প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ৩ ছেলে আব্দুর রশিদ খান, জয়নাল খান ও লতিফ খান বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এর মধ্যে বৃদ্ধা মা গোলবানু বিবিকে দেখাশুনা ও চিকিৎসার কথা বলে কৌশালে ছেলে আব্দুল লতিফ খান তার বাড়িতে নিয়ে রাখেন। পরবর্তীতে লতিফ খান মা গোলবানুকে সুকৌশালে মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে তার স্ত্রী রাশিদা বেগমের নামে গত ২৬ জুলাই ৪০৬৯ নং দলিলে সমুদয় ৩১ শতাশং জমি মায়ের নিকট থেকে কবলা রেজিস্ট্রি করে নেন। এর কিছুদিন পর সুচতুর লতিফ খান অপর দুই ভাই রশিদ ও জয়নাল খানকে বসত বাড়ি ছেড়ে দেয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। পরবর্তীতে ভুক্তভোগী দুই ভাই রশিদ ও জয়নাল খান লতিফ খান ও তার স্ত্রী রাশিদা বেগমকে বিবাদী করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রাশিদা বেগম বলেন, আমি আমার শ্বাশুরির ভরন পোশনের দায়িত্ব নিয়েছি। তাই তিনি আমাকে তার নামের জমিদিয়ে দিয়েছেন। তাও আবার কবলা রেজিস্ট্রি করে।