ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ও সংঘর্ষ

0
মিরপুরে শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় চারপাশ ধোঁয়া ও টিয়ারশেলে আচ্ছন্ন হয়ে পড়ার একটি দৃশ্য।। ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে রাজধানী ঢাকার মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরিপোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর পৌনে ১২টার দিকে থামে। এর আগে সকাল আটটা থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং নিরাপত্তার স্বার্থে মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, সড়ক থেকে শ্রমিকদের সরে যাওয়ার জন্য পুলিশ বারবার অনুরোধ জানালেও বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ।। ছবি: সংগৃহীত

পরবর্তীতে শ্রমিকেরা পুনরায় একজোট হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে বিভিন্ন স্থান থেকে শ্রমিকেরা এসে মিরপুর–১০ নম্বর মোড় অবরোধ করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা, যার কারণে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর–১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে। ওই সময় শ্রমিকেরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় গিয়ে কয়েকটি মার্কেট ও কারখানায় ভাঙচুর চালান এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা।। ছবি: সংগৃহীত

এছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য আজই একটি নতুন মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন যে, এই পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।