ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণের চেক ও গাছের চারা বিতরণ

0
জাতীয় যুব দিবস উদযাপনের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করছেন অতিথিরা।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে ছিল যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং গাছের চারা বিতরণ।

ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।। ছবি: লোকসমাজ

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমীন সুজন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ্ আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শামছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী এবং সফল উদ্যোক্তা আঁখি খাতুন, মেহেরুন নেছা ও নজরুল ইসলাম।

ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও অতিথিদের একাংশ।। ছবি: লোকসমাজ

পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আফজাল হোসেন ও সরকারি শিশু পরিবারের শিক্ষক টিপু সুলতান।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র, নির্বাচিত উপকারভোগীদের মধ্যে যুব ঋণের চেক এবং পরিবেশ রক্ষার অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবতীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।