এইচএসসি পরীক্ষায় ফেল করার পর চৌগাছায় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষায় ফেল করার পর মানসিক অবসাদ থেকে যশোরের চৌগাছায় কায়েমকোলা কলেজের শিক্ষার্থী শান্তা ইয়াসমিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।। প্রতীকী ছবি: সংগৃহীত

সদ্য ঘোষিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করার পর মানসিক অবসাদ থেকে যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্বজনরা জানিয়েছেন।

নিহত কাজী শান্তা ইয়াসমিন (১৯) উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহাজান আলীর মেয়ে এবং কায়েমকোলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত শান্তার চাচা রাজু মুন্তাজ জানান, শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শান্তা দুটি বিষয়ে ফেল করায় মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন এবং বাড়িতে কান্নাকাটি করেন।

রাত ১১টা পর্যন্ত সহপাঠী ও পরিবারের লোকজন তাঁকে সান্ত্বনা দেন। এরপর সবাই ঘুমাতে যান।

পরিবারের ধারণা, পরীক্ষার ফলজনিত মানসিক আঘাত ও অবসাদের জেরে ভোররাতে সকলের অগোচরে তিনি নিজের ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে চরম এই পথ বেছে নেন। সকালে পরিবারের লোকজন ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনা সম্পর্কে কায়েমকোলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, শান্তার এমন মর্মান্তিক মৃত্যু তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মাত্র দুই বিষয়ে ফেল করলেও কেন সে এই সিদ্ধান্ত নিল, তা কারো বোধগম্য হচ্ছে না।

খবর পেয়ে তিনিসহ কলেজের অন্যান্য শিক্ষকরা শান্তাদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ান। চৌগাছা থানা পুলিশ এই অপমৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।