মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে মাছের ঘের নিয়ে বিরোধে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কৃষক মহিউদ্দিন মহারাজকে (৫০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জমাদ্দার(৫৫)। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মিজানুর রহমানকে শনিবার পুলিশ আটক করেছে। নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জমাদ্দারের ছেলে।

নিহতের স্ত্রী সালমা বেগম ও স্থানীয়রা জানান, ৪ বিঘা জমির একটি মাছের ঘেরের মধ্যে মিজানুর রহমান কিছু জমি পাবেন বলে দাবি তুলে ঘেরের মাছ লুট ও ঘের দখলের অভিযোগ দেন থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষ্মীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। সেই অনুযায়ী ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইদুর রহমান শুক্রবার দুই পক্ষকে কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বলেন। সালিশ বৈঠকে পুলিশ কর্মকতা সাইদুর রহমান অনুপস্থিত থাকায় উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ সময় সিজানুর রহমান ও তার সহয়োগীরা মহিউদ্দিন মহারাজ ও তার বড় ভাই শওকত জমাদ্দারসহ ৪/৫ জনকে পিটিয়ে গুরুতর জখম করে।

আহত দুই ভাইকে প্রথমে মোংলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে মহিউদ্দন মহারাজ মারা যান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির আইসি না থাকায় পক্ষদ্বয় মারামারিতে লিপ্ত হয়। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।