মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ অবসরোত্তর ও বকেয়া গ্র্যাচুইটি ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বুধবার (৭ জুন) সকালে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতি। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা অংশ নেন। এ সময় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর গ্র্যাচুইটি দেয়া বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্তরা। তাই দ্রুত তাদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা দেয়ার দাবি জানান। পরে ঝিনাইদ-যশোর মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।