সুপেয় পানির সংকটে উপকূলে হাহাকার, বিপন্ন জেলে জীবন

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে বাড়ছে লবণাক্ততা। চারদিকে নদী-খাল ও পানি থাকলেও মিলছে না সুপেয় পানি। এতে বিপর্যস্ত হচ্ছে মানুষের জীবন-জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদ। এ সংকট মোকাবিলায় ঋণ নয়, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্যে শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন উপকূলীয় নারী, জেলে ও জলবায়ুকর্মীরা।

সোমবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। আন্তালিয়ায় অনুষ্ঠিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্যে বাংলাদেশের দায় কম হলেও ক্ষতির বড় বোঝা বহন করছেন এ দেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ জনগোষ্ঠী। অথচ জলবায়ু মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা নিশ্চিত হচ্ছে না।

‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলেজীবন এবং মৎস্যসম্পদ ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ স্লোগানে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)।

এতে কয়েক শ উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুকর্মী খালি কলস, মাছ ধরার জাল ও দাবিসংবলিত ফেস্টুন নিয়ে অংশ নেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উদয়ন যুব সংঘের সভাপতি এসএম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী রত্না শেখ, তন্বী মণ্ডল, মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার, জরিনা বেগম প্রমুখ।

নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা উপকূলের প্রধান দুর্যোগ হয়ে উঠেছে। চারদিকে পানি থাকলেও খাবার পানির সংকটে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম করলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করছেন এ দেশের মানুষ।

অভিযোজন অর্থায়নের মাত্র ২০ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থায় ব্যয় হচ্ছে। কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুনির্দিষ্ট অঙ্গীকার এবং কৃষি ও খাদ্যব্যবস্থার জন্যে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। এ অর্থ ক্ষুদ্র কৃষকের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে।