মোংলায় ঠাকুরানী খাল পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

0

মোংলা সংবাদদাতা, লোকসমাজ ॥ বাগেরহাটের মোংলা পৌর শহরের ঐতিহ্যবাহী ও প্রধান ঠাকুরানী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বুধবার সকালে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঠাকুরানী খালের ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণের মধ্য দিয়ে এ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজেই খালের পাড়ে নেমে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আবর্জনা পরিষ্কার করেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “ঠাকুরানী খালটি মোংলা পৌর শহরের প্রাণ। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে এটি তার নাব্য হারাচ্ছিল, যা শহরের ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা কেবল মুখে সচেতনতার কথা না বলে নিজেরা মাঠে নেমে কাজ করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

তিনি আরও বলেন, মোংলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌর শহর হিসেবে গড়ে তুলতে হলে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। খাল বা নালায় ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিহার করার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।