মোংলায় বিদেশি সিগারেটসহ চোরাকারবারী আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ নৌ পথে মোংলায় আনা চোরাই বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারী পালিয়ে গেলেও একজনকে আটক করতে পেরেছে পুলিশ। শনিবার  (১ এপ্রিল ) পশুর নদী সংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা হতে তাকে আটক করা হয়। আটক রহমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রহমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে ৯৫০ প্যাকেট কেন্ট নামে বিদেশি সিগারেটসহ আটক করা হয়। তবে এসময় ইদ্রিস হাওলাদার ও আব্দুল হাই নামে আরও দুজন চোরাকারবারী পালিয়ে যায়। এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের নামে মোংলা থানার এস আই মামুন শেখ বাদী হয়ে মামলা করেছেন। আটককৃত সুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।