মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে আর ফেরেননি গ্রিজার

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় গ্যাস বহনকারী একটি দেশীয় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় মোংলা বন্দরের ডেলটা এলপিজি লিমিটেডের জেটি সংলগ্ন পশুর নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও নৌযান শ্রমিকেরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির জানান, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে গ্যাস লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজ।
ওই জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাঁকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭ সেপ্টেম্বর) আবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল ও লাইটার শ্রমিকেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।