মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড: মাত্র ২৯ কার্যদিবসে রায় দিয়ে নজির

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

আইনি নির্দেশনা মেনে দেশের বিচারিক ইতিহাসে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণার এটাই প্রথম ঘটনা, যা বিচার ব্যবস্থায় একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে ওত পেতে থাকা চাঁদপুর গ্রামের শাকিল হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। শাকিলের হাত থেকে কোনোমতে রক্ষা পেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়।

ঘটনার দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর, মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিজ্ঞ আদালত এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। রায় শোনার পর পুলিশ তাকে কড়া নিরাপত্তায় মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে।

এই ঐতিহাসিক রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য বলেন, মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম এত দ্রুততম সময়ে (২৯ কার্যদিবসে) কোনো মামলার রায় ঘোষণা হলো। এই রায় বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং এটি আইনের শাসন প্রতিষ্ঠায় সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দেবে।