পাঁচফোড়ন রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম কে রোডস্থ পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এই অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পালের নেতৃত্বে এম.কে রোডস্থ পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এরপর বিমান অফিস রোডে অবস্থিত ওই হোটেলের রান্নাঘরে অভিযান চালানো হয়।

অভিযানকালে রান্নাঘরের নানা অসঙ্গতি ধরা পড়ে। রান্নাঘরে মশা-মাছির উপদ্রবের পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। রান্নাঘরের বিভিন্ন অংশ ছিল স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন। এছাড়া রান্নার কাজে নিয়োজিত কর্মীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থাও ছিলোনা।

একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি একটি ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাংস পাওয়া যায়। পরে অভিযানকারী দলটি আবারও এম কে রোডস্থ একই হোটেলে ফিরে এসে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বাস্থ্য সনদ, স্যানিটারি সনদ ও ফায়ার সার্ভিসের সনদ দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক।

এছাড়া এদিন বিশুদ্ধ খাদ্য আদালত শহরের দড়াটানায় অবস্থিত নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলে অভিযান চালায়। সেখানে খাবার প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। তবে গুরুতর কোনো অনিয়মের প্রমাণ না পাওয়ায় প্রতিষ্ঠান দুটির মালিককে প্রথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়।